নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মাতৃত্বের পর নিজের রূপ ও ওজন নিয়ে কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। এই নেতিবাচকতা ও বডি শেমিংয়ের কড়া জবাব দিয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী। লন্ডনে নিজের কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড ‘কে বিউটি’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিউটি ইনফ্লুয়েন্সারদের সঙ্গে আলাপকালে ক্যাটরিনা এ বিষয়ে কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমের অযাচিত মতামত কীভাবে মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, সে বিষয়ে সতর্ক করে ক্যাটরিনা বলেন, ‘আমাদের আত্মমর্যাদাকে যেন সামাজিক মাধ্যমের মন্তব্যগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে খুব সতর্ক থাকা দরকার। সেখানে এত বেশি মতামত থাকে যে আপনি যদি সবার মন জুগিয়ে চলতে যান, তবে নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন।’ নিজের অভিজ্ঞতা থেকে তিনি জানান, ‘ব্যক্তিগতভাবে, সমালোচনাকারীদের কথা শুনে যদি আমি চলতাম, তবে ভয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তাম এবং জীবনের কোনো ক্ষেত্রেই সামনে এগিয়ে যেতে পারতাম না।’