নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শুক্রবার জানিয়েছেন, ভারত কোনও ক্ষেত্রেই একচেটিয়া আধিপত্যের অনুমতি দেয় না। স্যাটেলাইট যোগাযোগ পরিষেবার জন্য তিনটি সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়েছে। এই সংস্থাগুলি নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয়তা এবং নির্ধারিত মানদণ্ড পূরণ করার পর পরিষেবা শুরু করতে পারবে। মার্কিন শিল্পপতি ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্কের পরিষেবা নিয়ে চলমান বিতর্কের মাঝেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার এই বক্তব্য সামনে এসেছে। শুক্রবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, সরকারের মূল উদ্দেশ্য হলো গ্রাহকদের বিভিন্ন প্রযুক্তি এবং পরিষেবার বিকল্প সরবরাহ করা। যাতে গ্রাহকরা উন্মুক্ত বাজারে নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনও সংস্থার পরিষেবা বেছে নিতে পারেন। এ দিন ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, টেলিকম বিভাগ প্রযুক্তির ক্ষেত্রে কোনও নির্দিষ্ট একটি বিশেষ বিকল্পের হয়ে পক্ষপাতিত্ব করে না। সমস্ত গ্রাহকদের জন্য বিভিন্ন পরিষেবার সুযোগ তৈরি করাই এই বিভাগের দায়িত্ব। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সংস্থাগুলিকে নিরাপত্তার মানদণ্ড এবং নির্ধারিত নির্দেশিকা মেনে চলতে হবে; তার পরেই তারা ভারতে পরিষেবা চালু করতে পারবে।