নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরির উপনির্বাচনে বিজেপি ও এনডিএ জোটের বিপুল জয়কে 'উন্নয়নের পক্ষে জনাদেশ' বলে ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, দেশের মানুষ নরেন্দ্র মোদীর 'বিকশিত ভারত' গড়ার সংকল্পের সঙ্গে রয়েছেন। একই সঙ্গে দিল্লির সাম্প্রতিক আন্দোলন এবং বিরোধীদের ভূমিকার তীব্র সমালোচনা করে রাহুল গান্ধী ও বিরোধীদের বিরুদ্ধে 'বিদেশি শক্তির মদতে দেশে নৈরাজ্য ছড়ানোর' গুরুতর অভিযোগ তোলেন তিনি।উপনির্বাচনের ফল প্রসঙ্গে শিবরাজ সিং চৌহান বলেন, "গতকালের উপনির্বাচনে পশ্চিমবঙ্গ, অসম পুদুচেরি—সর্বত্রই বিজেপি ও এনডিএ এক দুর্দান্ত জয় হাসিল করেছে। এই স্পষ্ট জনাদেশ বুঝিয়ে দিয়েছে, জনতা নরেন্দ্র মোদী ও উন্নয়নের সঙ্গেই রয়েছে। মানুষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, একটি বিকশিত ভারত গড়ে তোলাই তাদের সংকল্প।"এরপরই বিরোধী শিবিরকে নিশানা করে কেন্দ্রীয় মন্ত্রী আক্রমণ শানান। তিনি বলেন, "একদিকে দেশবাসী যখন উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছে, অন্যদিকে বিরোধীরা চূড়ান্ত হতাশ ও দিশেহারা হয়ে পড়েছে। তারা ভোটের ময়দানে লড়াই করে মানুষের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ। তাই এখন রাস্তায় নেমে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে।"সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করার অভিযোগ এনে চৌহান আরও বলেন, "বিরোধীরা গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা নষ্ট করার চক্রান্তে লিপ্ত এবং সংবিধানকে অপমান করছে। শুধু তা-ই নয়, বিরোধীরা একা নয়—বিদেশি শক্তির মদত নিয়ে এই কাজ করছে তারা।"দিল্লির সাম্প্রতিক বিক্ষোভ আন্দোলন প্রসঙ্গেও কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি দাবি করেন, এটি দেশকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র। শিবরাজ বলেন, "ক্ষমতা দখলের লোভে বিরোধীরা কতটা নিচে নামতে পারে, তা ভাবলে স্তম্ভিত হতে হয়। দেশের উদ্যোগপতিদের অগ্রগতি তারা মেনে নিতে পারছে না। রাহুল গান্ধী বিদেশিদের স্বার্থে কাজ করছেন, আর এটাই কংগ্রেস ও বিরোধী জোটের আসল চরিত্র হয়ে দাঁড়িয়েছে। দেশকে দুর্বল করতেই এই ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে।"