নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘স্বচ্ছতা হি সেবা ২০২৬’ অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে আমবাসার টাউন ক্লাব। স্বচ্ছ ভারত ও বিকশিত ভারতের ভাবনাকে সামনে রেখে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, শহর ও গ্রামাঞ্চলকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল করে তোলা।
পাশাপাশি সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে, সকলে মিলে নিজেদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তুলুন।
বিভিন্ন ধরনের বর্জ্য পৃথকভাবে সংগ্রহ করার জন্য সবুজ, নীল, লাল ও কালো রঙের ডাস্টবিনের ব্যবহার তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে পচনশীল ও অপচনশীল বর্জ্যসহ বিভিন্ন ধরনের আবর্জনা নির্দিষ্ট পদ্ধতিতে পৃথকীকরণ এবং সঠিকভাবে নিষ্পত্তি করার বিষয়ে মানুষকে সচেতন করার বার্তা দেওয়া হয়েছে।
বর্তমান সময়ে যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যের ক্ষেত্রেও নানা সমস্যা সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে পরিচ্ছন্নতা বজায় রাখা, প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সচেতন নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধুমাত্র সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে পরিচ্ছন্নতা রক্ষার কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
টাউন ক্লাব উদ্যোগে প্রচারিত এই বার্তার মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, পরিচ্ছন্নতা কেবল একটি নির্দিষ্ট দিনের কর্মসূচি নয়, বরং এটি প্রতিদিনের জীবনে গড়ে তোলার মতো একটি অভ্যাস। বাড়িঘর, রাস্তাঘাট, বাজার ও জনসমাগমস্থল পরিষ্কার রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরিচ্ছন্ন আমবাসা গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ জাগিয়ে তুলবে বলে আশা করা যায়।