ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ধলাই জেলা স্তরের কুরাশ ও কারাটে স্কুল ক্রীড়া প্রতিযোগিতা

Oct 11, 2026

ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ধলাই জেলা স্তরের কুরাশ ও কারাটে স্কুল ক্রীড়া প্রতিযোগিতা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ধলাই জেলা স্তরের স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭-এর অধীনে আজ আমবাসায় অনুষ্ঠিত হয় কুরাশ ও কারাটে প্রতিযোগিতা। ছেলে ও মেয়ে উভয় বিভাগের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ বছর বয়সী বিভাগে প্রতিযোগীতা আমবাসার ডিস্ট্রিক্ট স্পোর্টস হলে অনুষ্ঠিত হয়। ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো বিদ্যালয় স্তর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের ক্রীড়া দক্ষতার বিকাশ ঘটানো।

কুরাশ ও কারাটে—উভয়ই আত্মরক্ষামূলক ক্রীড়া হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছাত্রছাত্রীরা শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ এবং মানসিক দৃঢ়তা অর্জনের সুযোগ পায়। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগও তৈরি হয়।

বিদ্যালয় স্তরের এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে ভবিষ্যতে জেলা ও রাজ্য স্তরে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে আশা করা হচ্ছে। খেলাধুলার প্রসার এবং ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ধলাই জেলার স্পোর্টস অফিসার সুখলুম দেববর্মা ক্রীড়া শিক্ষক কিরণ দেববর্মা, ক্রীড়া শিক্ষক অরুন দাস সহ অন্যান্য। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিগণ।

আজকের এই প্রতিযোগিতার আয়োজনকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আমবাসায় এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার স্কুল পড়ুয়াদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার আরও একটি সুযোগ তৈরি হলো।

বিভাগ