নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১৬.৩০৫ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করল জিআরপিএস। এই ঘটনায় পার্থ বিশ্বাস (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য ৮ লক্ষ টাকা।রবিবার সকাল ১১টা নাগাদ আগরতলা জিআরপিএসের এসআই বিশ্বজিৎ দাসের নেতৃত্বে পুলিশকর্মীরা রেলস্টেশনের ইয়ার্ডে ১৩ নম্বর রেললাইনের কাছে শ্রমিকদের মালপত্র ওঠানো-নামানোর এলাকায় অভিযান চালান।সেখানকার একটি শ্রমিক ছাউনির ভিতর থেকে পার্থ বিশ্বাসকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগ তল্লাশি করে মোট ১৬.৩০৫ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয়।ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আগরতলা জিআরপিএস থানায় এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানান আগরতলা জিআরপিএস থানার ওসি রাজু ভৌমিক।