আইন মেনে বিক্ষোভ হোক, কিন্তু মিথ্যার আশ্রয়ে অশান্তি নয় : অনুরাগ ঠাকুর

Oct 12, 2026

আইন মেনে বিক্ষোভ হোক, কিন্তু মিথ্যার আশ্রয়ে অশান্তি নয় : অনুরাগ ঠাকুর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ভোটার তালিকা সংশোধন ও এসআইআর প্রক্রিয়াকে ঘিরে বিরোধী শিবিরের আন্দোলনের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। হিমাচল প্রদেশের কাংড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট বার্তা দেন, গণতান্ত্রিক দেশে নিয়ম মেনে প্রতিবাদে কোনও আপত্তি নেই, কিন্তু মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজ্যের বা দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।বারবার নির্বাচনী বিপর্যয়ের কারণেই বিরোধীরা হতাশা থেকে গোটা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর দোষ চাপাচ্ছে বলে দাবি করেন অনুরাগ ঠাকুর। রবিবার তিনি বলেন, “যে কেউ আইন ও নিয়মের মধ্যে থেকে বিক্ষোভ প্রদর্শন করতে পারে, তাতে কারোর কোনও আপত্তি থাকার কথা নয়। কিন্তু আপনারা মিথ্যার আশ্রয় নিয়ে আইনশৃঙ্খলা ভেঙে দিতে পারেন না। নির্বাচনে বারবার হারার পর বিরোধী নেতৃত্ব এখন গোটা নির্বাচনী ব্যবস্থার দিকেই আঙুল তুলতে শুরু করেছে।”ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত বিরোধীদের অভিযোগ খণ্ডন করে বিজেপি সাংসদ সরাসরি প্রশ্ন তোলেন, “আসল প্রশ্ন হলো কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে? যাঁদের মৃত্যু হয়েছে, যাঁদের নাম একাধিক জায়গায় ডুপ্লিকেট ভোটার হিসেবে রয়েছে কিংবা যাঁরা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন—তাঁদের নামই বাদ পড়ছে। এমন ভূয়ো বা মৃত ভোটারদের নাম তো কোনোভাবেই তালিকায় থাকা উচিত নয়।”ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখাকে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব বলে উল্লেখ করে অনুরাগ ঠাকুর মন্তব্য করেন, ভুয়ো ভোটার বাদ পড়লেই বিরোধীরা অস্বস্তিতে পড়ছে এবং পরাজয়ের অজুহাত খুঁজতে এখন পরিকল্পিতভাবে রাস্তায় নেমে মিথ্যাচার ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে।

বিভাগ