নির্বাচন কমিশনকে ঢাল করে ‘ভোট চুরি’, কেন্দ্রকে তোপ খাড়গের

Oct 12, 2026

নির্বাচন কমিশনকে ঢাল করে ‘ভোট চুরি’, কেন্দ্রকে তোপ খাড়গের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা এবং নির্বাচন সংক্রান্ত ২০২৩ সালের আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি ‘ভোট চুরি’ ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আবেদন জানিয়েছে বলেও ঘোষণা করেছেন তিনি। রবিবার সকালে বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন। তিনি বলেন, “মুখ্য নির্বাচন কমিশনার ও তাঁর কার্যালয় একটি সাংবিধানিক এবং স্বাধীন সংস্থা। তাঁদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা। কিন্তু সরকার তাঁদের নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে দিচ্ছে না। কমিশনের দুই সদস্য প্রকাশ্যে অনিয়ম ও কমিশনের কাজকর্মের দিকটি তুলে ধরেও কোনও সুরাহা পাননি। এই সব কিছুই করা হচ্ছে যাতে ‘ভোট চুরি’ নির্বিঘ্নে চলতে পারে। আর এই কারচুপির ভোট দিয়েই কেন্দ্রে এবং রাজ্যগুলিতে সরকার গঠন করেছে শাসকদল।”দেশের বর্তমান পরিস্থিতিকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে অভিহিত করে খাড়গে জানান, বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করে তাঁরা প্রধান বিচারপতির শরণাপন্ন হচ্ছেন। তিনি বলেন, “আগামীকাল আমরা ভারতের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য আবেদন জানিয়েছি। আমি চিঠি লিখেছি এবং রাহুল গান্ধীও চিঠি দিয়েছেন। বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। আমরা আদালতের কাছে কোনও দাবি জানাতে পারি না। হাতজোড় করে কেবল দেশের বর্তমান অরাজক পরিস্থিতি তাঁদের সামনে তুলে ধরব এবং যথাযথ পদক্ষেপের অনুরোধ করব।”প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি নিশানা করে কংগ্রেস সভাপতি আরও বলেন, “প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। কার্যত অঘোষিত জরুরি অবস্থা চলছে। গতকাল দিল্লিতে প্রতিবাদ আটকাতে প্রায় ৩২ হাজার পুলিশ নামানো হয়েছিল। এই বিপুল বাহিনী মোতায়েন করাই স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে সরকার কতটা আতঙ্কে রয়েছে।”

বিভাগ