নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দেশকে শক্তিশালী ও স্বনির্ভর করে তুলতে রাজ্যগুলির সামগ্রিক বিকাশ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তামিলনাড়ুর চেন্নাই সফরে এসে ১৩,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "দেশকে মজবুত করতে হলে রাজ্যগুলিকে শক্তিশালী করা অপরিহার্য। আর সেই কারণেই তামিলনাড়ুর মতো উৎপাদনশীল রাজ্যে কেন্দ্র উৎপাদন শিল্পে বিশেষ জোর দিচ্ছে। কেন্দ্রের 'মেক ইন ইন্ডিয়া' এবং 'ভোকাল ফর লোকাল'-এর মতো উদ্যোগগুলি তামিলনাড়ুর অর্থনীতিকে সরাসরি সমৃদ্ধ করছে।"তিনি উল্লেখ করেন, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে অগ্রগতির ফলে দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক যুবকের কর্মসংস্থান তৈরি হয়েছে এবং তামিলনাড়ু এই সাফল্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নগরোন্নয়ন ও গণপরিবহণের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী জানান, শহরাঞ্চলে মানুষের জীবনযাত্রা সহজতর করতে পাবলিক ট্রান্সপোর্টের আধুনিকীকরণ কেন্দ্রের অগ্রাধিকার। চেন্নাইয়ে শুরু হওয়া এই প্রকল্পগুলি দৈনন্দিন যাতায়াত সুগম করার পাশাপাশি বাণিজ্য ও শিল্পক্ষেত্রকে গতিশীল করবে এবং যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।তামিলনাড়ুর সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী স্মরণ করেন, "মুখ্যমন্ত্রী হিসেবে এম করুণানিধি এবং জয়ললিতার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল আমার। প্রধানমন্ত্রী হওয়ার পর জয়ললিতা, ও পন্নীরসেলভম, ই পলানিস্বামী এবং এম কে স্ট্যালিনের সঙ্গেও কাজ করেছি। তামিলনাড়ুতে একাধিক সরকারের পরিবর্তন হলেও রাজ্যের মানুষের সেবা ও সার্বিক উন্নয়নের সংকল্প কখনও বদলায়নি। মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সঙ্গে হাত মিলিয়ে আমরা সেই উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে চলেছি।"