ধর্মনগর ও পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকায় দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

Oct 12, 2026

ধর্মনগর ও পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকায় দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ       হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরই মণ্ডপে মণ্ডপে পূজিত হবেন দেবী দুর্গা। দুর্গোৎসবকে সামনে রেখে উত্তর জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকায় দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। দিনরাত এক করে মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে কাজ করে চলেছেন তাঁরা। তবে মাটি, বাঁশ, খড়, রং-সহ প্রতিমা তৈরির বিভিন্ন কাঁচামালের মূল্যবৃদ্ধিতে খরচ বাড়লেও সেই অনুপাতে বাড়ছে না প্রতিমার দাম। ফলে পরিশ্রম বাড়লেও কমছে মুনাফা।ত্রিপুরা-অসম সীমান্তের কদমতলা পুরাতন পোস্ট অফিস রোডের মৃৎশিল্পী দিলু পাল জানান, এবছর তিনি মোট ৪০টি দুর্গাপ্রতিমা তৈরি করছেন। তাঁর কারখানায় ত্রিপুরা, অসম ও পশ্চিমবঙ্গের ছয়জন দক্ষ কারিগর বৈশাখ মাস থেকে প্রতিমা তৈরির কাজে যুক্ত রয়েছেন। কদমতলা-সহ উত্তর জেলার বিভিন্ন এলাকা এবং অসমের শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানেও তাঁর তৈরি প্রতিমার চাহিদা রয়েছে। এবছর প্রতিমার দাম ২০ হাজার থেকে সর্বোচ্চ ৭০ হাজার টাকা পর্যন্ত। আগামীকাল থেকে বাড়ির পূজার প্রতিমা ক্রেতাদের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হবে।দীর্ঘ ২৪ বছর ধরে এই পেশায় যুক্ত থাকলেও আজ পর্যন্ত কোনও সরকারি সাহায্য পাননি বলে অভিযোগ দিলু পালের। তাঁর মতে, সরকারি সহযোগিতা পেলে কারখানার পরিধি বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করা সম্ভব হতো। একদিকে কাঁচামালের মূল্যবৃদ্ধি, অন্যদিকে সরকারি সহায়তার অভাব—সব প্রতিকূলতা সামলে ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নিরলস পরিশ্রম করে চলেছেন মৃৎশিল্পীরা।

বিভাগ