নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বর্তমান পারস্পরিক সম্পর্কযুক্ত বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতা কোনও নিছক কূটনৈতিক বিকল্প নয়, বরং বিশ্বশান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য একটি কৌশলগত প্রয়োজন—এমনটাই জানালেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। সোমবার নতুন দিল্লিতে '৬৬-তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্স'-এ বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন, পারস্পরিক অভিন্ন স্বার্থকে চিহ্নিত করা, তাতে সম্মান জানানো এবং যৌথ পদক্ষেপে রূপান্তরের মধ্যেই আন্তর্জাতিক সহযোগিতার মূল সুর নিহিত। তিনি স্পষ্ট করেন, জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদের মতো বৈশ্বিক সমস্যাগুলির মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ অপরিহার্য।উপরাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, ভারতের কাছে ‘বসুধৈব কুটুম্বকম্’ কেবল একটি স্লোগান নয়। যে কোনও দেশে বিপর্যয় বা সংকট নেমে এলে ভারতই প্রথম সারির দেশ হিসেবে সহায়তার হাত বাড়িয়ে দেয়। দেশের লক্ষ্য তুলে ধরে তিনি মন্তব্য করেন, ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হতে চায় ঠিকই, তবে তা অন্য কারও ওপর প্রভুত্ব কায়েম বা শর্ত চাপিয়ে দেওয়ার জন্য নয়—বরং ভারত যাতে এমন শক্তি অর্জন করতে পারে যাতে অন্য কোনো দেশ ভারতকে নিজেদের শর্ত চাপাতে না পারে।