নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ স্বচ্ছতাই সেবা, স্বচ্ছতাই ধর্ম”—এই মূলমন্ত্রকে সামনে রেখে কাকড়াবন আর.ডি. ব্লকের অন্তর্গত জামজুড়ি পঞ্চায়েত এলাকায় এক গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক স্বচ্ছতা কর্মসূচি অনুষ্ঠিত হলো। স্বচ্ছ ভারত অভিযানকে আরও গতিশীল করে তুলতে কাকড়াবন আর.ডি. ব্লক ও কাকড়াবন সি.এল.এফ-এর যৌথ উদ্যোগে রবিবার জামজুড়ি বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়। বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা রোধ করা এবং সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এদিন জামজুড়ি বাজার এলাকার মোট ২১০ জন ব্যবসায়ীর হাতে ডাস্টবিন তুলে দেওয়া হয়। পাশাপাশি বাজার এলাকার ময়লা আবর্জনা সংগ্রহ ও দ্রুত অপসারণের জন্য দুটি মিনি আবর্জনা বহনকারী গাড়িও প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, কাকড়াবন আর.ডি. ব্লকের বিডিও অলিন্দ্য দত্ত মজুমদার, জামজুড়ি পঞ্চায়েতের প্রধান নির্মল দাস, অন্যান্য জনপ্রতিনিধি, কাকড়াবন সি.এল.এফ-এর সদস্য-সদস্যারা এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বলেন, বাজার এলাকায় যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা বন্ধ করতে হলে শুধু আইন নয়, প্রয়োজন সচেতনতা ও উপযুক্ত পরিকাঠামো। সেই লক্ষ্যেই প্রতিটি ব্যবসায়ীর হাতে ডাস্টবিন তুলে দেওয়া হয়েছে। স্বচ্ছতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য। তিনি আরও বলেন, দোকান সংলগ্ন এলাকা পরিষ্কার রাখা গেলে বাজারের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনই জনস্বাস্থ্যের ক্ষেত্রেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।