সোমবার দুপুরের গণরাজ চৌমুহনী এলাকার ঘটনাটি অপহরণ নয় ,স্মার্ট সিটির নির্মাণ কাজের সাথে যুক্ত আধিকারিকরা দুজনকে ধরে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেন। মঙ্গলবার সাংবাদিকদের এই কথা জানান পূর্ব থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ। সোমবারের এই ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সোমবার দুপুরে পূর্ব থানা সংলগ্ন গণরাজ চৌমুহনী এলাকা থেকে কয়েকজন ব্যক্তি দুই যুবককে রাস্তা থেকে মারুতি গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। সামাজিক মাধ্যমে এই ঘটনা ভাইরাল হতেই গোটা শহরে তীব্র চাঞ্চল্য ছড়ায় ।কিন্তু ঘটনাটি আদৌ অপহরণ নয়। যাদেরকে মারুতি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তারা আদতে স্মার্ট সিটির কাজের রড চোর । মঙ্গলবার বিষয়টি স্পস্টিকরণ করেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ । তিনি জানান, গনরাজ চৌমুহনী এলাকায় স্মার্ট সিটির কাজ চলছে। এই স্থানে রডের বেশ কিছু টুকরো ছিল। রাস্তা থেকে ভাঙাচোরা সংগ্রহ করে এমন দুজন যুবক এই রডের টুকরো গুলি নিয়ে যাচ্ছিল। ঘটনার সময় স্মার্ট সিটি কর্তৃপক্ষের একজন বিষয়টি দেখেই গাড়ি থামিয়ে তাদের গাড়িতে তুলে নিয়ে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেন।ওসি জানান ,ধৃতরা হল শাকিল মিয়া এবং নয়ন দেব। তাদের দুজনের বাড়িই রাজধানীর আড়ালিয়া এলাকায় । তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পূর্ব থানার আধিকারিক।
উল্লেখ্য স্মার্ট সিটির বিভিন্ন নির্মান কাজের স্থল থেকে এর আগে আরো একাধিকবার এই ধরনের রড চুরির ঘটনা ঘটে ।তবে সোমবার প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই ঘটনায় আগরতলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।