দেশব্যাপী জ্বালানি সাশ্রয়ের আহ্বানকে গুরুত্ব দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। নিজের দৈনন্দিন যাতায়াতে বিলাসবহুল এসকর্ট ব্যবস্থার পরিবর্তে স্কুটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা ইতিমধ্যেই ব্যাপক আলোচনা তৈরি করেছে।
মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র জ্বালানি সাশ্রয়ের আহ্বান থেকে অনুপ্রাণিত হয়েই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এতদিন তাঁর নিরাপত্তার জন্য দুটি এসকর্ট গাড়ি ব্যবহার করা হলেও এখন থেকে তা কমিয়ে একটি করা হয়েছে। শুধু তাই নয়, জেলা পর্যায়ে সরকারি দায়িত্ব পালনকালে এসকর্ট গাড়ি সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনকি জেলার বাইরে সফরের ক্ষেত্রেও এসকর্ট ব্যবহারে সংযম আনার কথা জানিয়েছেন।
অর্থমন্ত্রীর এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। তাঁদের মতে, এটি শুধু জ্বালানি সাশ্রয় নয়, পরিবেশ সচেতনতারও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। সাধারণ মানুষকেও একই পথে হাঁটার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের স্বার্থে জ্বালানি সঞ্চয়কে সকলের অঙ্গীকার করা উচিত।