নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান ২০২৬ -এর অঙ্গ হিসেবে ৪৭-আমবাসা মণ্ডলের উদ্যোগে বুধবার থেকে দুই দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। আমবাসার পি.আর.টি.আই কনফারেন্স হলে আজ ৪৭-আমবাসা মণ্ডলের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ বর্গটি অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের নির্দেশিকায় আয়োজিত এই কর্মসূচিতে আমবাসা মণ্ডলের অন্তর্গত বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তারা অংশ নেন। দিনের শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপি ৪৭ আমবাসা মন্ডল সভাপতি অজয় অধিকারী। অনুষ্ঠানে বিজেপির অন্যতম প্রধান পথপ্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে কর্মসূচির সূচনা করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ডল সভাপতি অজয় অধিকারী বলেন প্রশিক্ষণে দলের নীতি, আদর্শ, সুশাসন এবং সাংগঠনিক বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূলত নিচু তলার কর্মীদের বুথ স্তরে আরও সক্রিয় করতে এবং সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলো সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার রণকৌশল শেখানোই এই শিবিরের মূল উদ্দেশ্য ।পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অন্ত্যোদয়ের ভাবনাকে সামনে রেখে কার্যকর্তারা আগামী দিনে মানুষের কল্যাণে আরও উৎসর্গীকৃতভাবে কাজ করবেন এমন আশা প্রকাশ করেন দলের শীর্ষ নেতৃত্বগণ। আমবাসা মন্ডল সভাপতি জানান এই প্রশিক্ষণ বর্গে আমবাসা মন্ডলের অন্তর্গত বুথ স্তর থেকে শুরু করে মন্ডল উপজেলা স্তরের পদাধিকারীরা অংশগ্রহণ করে।এ প্রশিক্ষণ বর্গে উপস্থিত ছিলেন আমবাসা মন্ডল সভাপতি অজয় অধিকারী, ধলাই জেলা কমিটির সহ-সভাপতি দ্বয় যথাক্রমে শংকর চক্রবর্তী ও মৃদুল দত্ত, প্রশিক্ষক তথা বক্তা রূপালী অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব।সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে কার্যকর্তাদের প্রস্তুত রাখতে বিজেপির এই প্রশিক্ষণ শিবির অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।