বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও মশারি বিতরণ অনুষ্ঠান করলো কুমারঘাট প্রেস ক্লাব এবং আসাম রাইফেলসের ২৮ নম্বর বাহিনী

Jul 07, 2026

বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও মশারি বিতরণ অনুষ্ঠান করলো কুমারঘাট প্রেস ক্লাব এবং আসাম রাইফেলসের ২৮ নম্বর বাহিনী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃকুমারঘাট মহকুমার ফটিকরায়ের ডিএম কলোনিতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও মশারি বিতরণ অনুষ্ঠান করলো কুমারঘাট প্রেস ক্লাব এবং আসাম রাইফেলসের ২৮ নম্বর বাহিনী। শিবির থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও ঔষধের সুবিধা নিলেন গ্রামের মানুষ। সাথে বেসরকারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে আয়োজন করা হয় চক্ষু পরীক্ষার। অনুষ্ঠানে ব্যাপক সাড়া স্থানীয়দের মধ্যে।নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালনের পাশাপাশি সমাজ সেবায়‌ওযে পিছিয়ে নেই সাংবাদিক এবং দেশের জাওয়ানরা তার আরো এক দৃষ্টান্ত দেখা গেলো ফটিকরায়ের ডিএম কলোনি উপজাতি এলাকায়।পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজকান্দি এডিসি ভিলেজের ডিএম কলোনিতে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং মশারি বিতরণ কর্মসূচির আয়োজন করেন কুমারঘাট প্রেস ক্লাব এবং রাধানগর স্থিত আসাম রাইফেলসের ২৮ নম্বর বাহিনী। ডিএম কলোনির কমিউনিটি হলের মাঠে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন অতিথীরা। উপস্থিত ছিলেন আসাম রাইফেলস ২৮ নম্বর বাহিনীর কমান্ডেন্ট ধর্মেন্দ্র সিং চৌহান, বাহিনীর ব্রেবো কোম্পানির কমান্ডার মোঃ মৈন উদ্দীন, কুমারঘাট মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডঃ সুচরিত চাকমা,    কুমারঘাট প্রেসক্লাবের সভাপতি তপন বনিক, সম্পাদক আশুতোষ পাল, সদস্য জনি ভট্টাচার্য, বিশাল দে, মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ, সহ অন্যান্যরা। ব্যাক্তিগত তরফে অনুষ্ঠানে আসা শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন কমান্ডেন্ট পাশাপাশি এলাকার খেলোয়াড়দের মধ্যে তিনি তুলে দেন কিছু ক্রীড়া সামগ্রী।অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে স্বাস্থ্য শিবিরকে সফল করায় এলাকার মানুষের সহযোগীতার কথা উল্লেখ করে বাহিনীর ব্রেবো কোম্পানির কমান্ডার মোঃ মইনুদ্দিন বলেন, প্রত্যন্ত এলাকায় আগামীদিনে রক্তদান শিবির স্বাস্থ্য শিবির এবং খেলাধুলার মাধ্যমে সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে প্রয়াস জারি থাকবে আসাম রাইফেলসের।      বক্তব্য রাখতে গিয়ে কুমারঘাট প্রেস ক্লাব এবং আসাম রাইফেলসের এমন কর্মসূচির ভূয়োসী প্রশংসা করেন প্রেসক্লাবের সম্পাদক আশুতোষ পাল। তিনি বলেন, বিভিন্ন এলাকার স্বাস্থ্য পরিষেবার উপর ভিত্তিকরে প্রতিনিয়ত এই ধরনের শিবিরের আয়োজন হয়ে থাকে প্রেসক্লাবের তরফে। গত বছরও কোলকাতা থেকে কুমারঘাটে হৃদরোগ বিশেষজ্ঞদের এনে এমন ক্যাম্পের আয়োজন করেছিল কুমারঘাট প্রেস ক্লাব। যেসমস্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা আজও সঠিক মতো পৌঁছায়না সেসব অঞ্চলকে চিহ্নিত করে স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা নেয় কুমারঘাট প্রেস ক্লাব। যার প্রতিফলন এবছরও ঘটেছে ডিএম কলোনির এই শিবিরের মধ্যদিয়ে। এই শিবিরে এলাকার মানুষ চক্ষু পরীক্ষা থেকে শিবিরে থাকা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার সুবিধা নিতে পারবেন বলে আশাব্যক্ত করেন তিনি। পাশাপাশি অঞ্চলটি ম্যালেরিয়া প্রবণ হওয়ায় এলাকার গরীব দুস্থদের মধ্যে কিছু মশারিও এদিন বিতরণ করা হয় বলে জানান ক্লাব সম্পাদক।এদিন এলাকার পুরুষ, মহিলা ও শিশু মিলে মোট ৪৬৪ জন চিকিৎসা পরিষেবা নেন শিবির থেকে। পাশাপাশি কুমারঘাট প্রেসক্লাবের তরফ থেকে এলাকার দুঃস্থদের মধ্যে বিতরন করা হয় মশারি। পাশাপাশি আসাম রাইফেলস এবং কুমারঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে শিবিরে আসা রোগীদের মধ্যে বিতরণ করা হয় বিনামূল্যে ঔষধ। এছাড়াও শিবিরে আসা প্রত্যেকের হাতে সামান্য উপহার‌ও তুলে দেওয়া হয় আসাম রাইফেলসের পক্ষ থেকে।  প্রেস ক্লাব এবং আসাম রাইফেলসের উদ্যোগে আয়োজিত যৌথ শিবিরকে ঘিরে বেশ সাড়া পরে এলাকায়।

বিভাগ

সর্বশেষ খবর