নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিলোনিয়ার চোত্তাখলায় সিপিআইএম দলের কর্মসূচি কে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। পুলিশ প্রশাসন সম্পর্কে বিরোধী দলনেতার মন্তব্যের তীব্র নিন্দা জানান তিনি ।বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান ,সিপিআইএম একটা মিথ্যাচারের দল। কিভাবে মিথ্যা কথা মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করতে হয় তা তাদের রপ্ত রয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মেলার মাঠের সিপিআইএম কার্যালয় সহ অন্যান্য শাখা সংগঠন গুলির কার্যালয় এক একটা মিথ্যাচারের ইনস্টিটিউশন। বিরোধী দলনেতার অভিযোগ খন্ডন করে মুখ্যমন্ত্রী বলেন, সিপিএমরাই গুন্ডার মত ব্যবহার করছেন। গতকালকের এল ও পির ভাষা গোটা রাজ্যের মানুষ শুনেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন ,যে সমস্ত পুলিশ আধিকারিকদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে তারা সবাই তৎকালীন সরকারের আমলে চাকরি পাওয়া। এখন সেই পুলিশ অফিসাররা তাদের কথা শুনছেন না ।তাই তাদের রাগটা এখানেই ।মুখ্যমন্ত্রী আরও জানান জনগণ সব বুঝতে পারছে।এদিকে আন্দোলন কর্মসূচিতে বিরোধী দলনেতার এক এসপিকে প্রকাশ্যে ইডিয়ট বলায় বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে ।রাজনৈতিক মহলেও বিরোধী দলনেতার এই মন্তব্য কে কেন্দ্র করে প্রতিক্রিয়া দেখা দেয়।