নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আজ আমবাসা টাউন হলে আমবাসা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আমবাসা মহকুমা ভিত্তিক ৬৫তম শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মবার্ষিকীকে স্মরণ করে এই অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমবাসা পুরো পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার, উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা বিএসসির চেয়ারম্যান পরিমল দেববর্মা, শিক্ষক রতন সাহা সহ অন্যান্যরা। সামগ্রিক এই আয়োজনে সক্রিয় সহযোগিতা প্রদান করেছে ধলাই জেলা প্রশাসন এবং আমবাসা পৌর পরিষদ।অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে সমাজ গঠনে শিক্ষকদের অবদান ও গুরুত্ব তুলে ধরেন। ড. রাধাকৃষ্ণানের অমর বাণী স্মরণ করিয়ে দিয়ে বক্তারা বলেন—সাধারণ শিক্ষক কেবল তথ্য দেন, ভালো শিক্ষক বিষয়বস্তু ব্যাখ্যা করেন, কিন্তু একজন মহান শিক্ষক শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক-শিক্ষিকা, বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।