নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর হাতে অফার পেলেন নির্বাচিত টেট-২ এবং এসটিজিটি শিক্ষক-শিক্ষিকারা। বুধবার শারদ উৎসবের চতুর্থী তিথিতে রাজধানীর হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য টেট-২ উত্তীর্ণ ৭৬৭ জন শিক্ষক-শিক্ষিকাকে অফার প্রদান করা হয়। একই অনুষ্ঠানে নবম এবং দশম শ্রেণির জন্য ৬৮৬ জন এসটিজিটি উত্তীর্ণদের হাতেও অফার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এছাড়াও ছিলেন এসসিআরটি অধিকর্তা এল ডারলং, বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, সেকেন্ডারি এডুকেশন দপ্তরের অধিকর্তা সমিত রায় চৌধুরী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,আজকের দিন আপনাদের কাছে আনন্দের ।একই সাথে আপনাদের অভিভাবকদেরও আজ আনন্দের দিন। অফারপ্রাপ্ত শিক্ষকদের এই সাফল্যের পিছনে তাদের অভিভাবকদের অবদানের কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অফার পাওয়ার মাধ্যমে আপনারা সরকারের সাথে যুক্ত হতে যাচ্ছেন ।দায়িত্ব কিন্তু বিশাল ।রাজ্যের হাজার হাজার শিশুর ভবিষ্যতের দায়িত্ব আপনাদের দেওয়া হল। স্বচ্ছতা, স্বততা ,নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে এই দায়িত্ব তারা পালন করবেন বলে বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন ,এদিন যাদের হাতে অফার তুলে দেওয়া হল তাদের সাথে ২৩৩ জন জনজাতি অংশের প্রার্থীদেরও অফার পাওয়ার কথা ছিল। একই সাথে আরও ২৩ জন এক্স সার্ভিস ম্যান প্রার্থীদেরও অফার পাওয়ার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট সংরক্ষিত পদে প্রার্থীদের পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী আরও বলেন ,এখন পর্যন্ত ১৫০২ জন টেট -২ সার্টিফিকেট পেয়েছেন। এদের মধ্যে ৭৬৬ জন অফার পেয়েছেন। বাকিদেরও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে চাকরি প্রদানের বিষয়টি সরকার বিচার বিবেচনা করছে।এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন ২০১৮ সাল থেকে বর্তমান সরকার নিয়োগ সহ সর্বক্ষেত্রেই স্বচ্ছতা ,নিরপেক্ষতা এবং যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে। আগের সরকারের আমলে তা দেখা যায়নি। মুখ্যমন্ত্রী আরও জানান ,টেট -১ এবং টেট-২ টু রাজ্যের ২০১৫ সাল থেকে চলে আসছে ।এখন পর্যন্ত ৯ বার টেট ওয়ান ও টেট টু পরীক্ষার আয়োজন করা হয়েছে ।পরবর্তী টেট ওয়ান এবং টেট টু পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী।