ধলাই জেলা কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠান

Oct 15, 2026

ধলাই জেলা কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  তফশিলি জাতিভুক্ত মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাঁদের শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগানোর লক্ষ্যে ধলাই জেলা কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর এসসি কমেন্ডেবল স্টুডেন্টস-২০২৬’ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার আমবাসার পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স হলে আয়োজিত এই জেলা স্তরের অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি শিক্ষার গুরুত্ব এবং সমাজে সমতা প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭-আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন আমবাসা বিএসি-র চেয়ারম্যান পরিমল দেববর্মা, আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার,   ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার মহেন্দ্র কাম্বে চাকমা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।    প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উদ্বোধক সুস্মিতা দাস-সহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে ড. বি. আর. আম্বেদকরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর জীবনাদর্শ, শিক্ষা ও সমাজ সংস্কারে অবদানের কথা তুলে ধরা হয়। পাশাপাশি, শিক্ষার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়ন, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।    অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল তফশিলি জাতিভুক্ত মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা। শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানানোর পাশাপাশি তাঁদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গঠনের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।    উল্লেখ্য, ড. বি. আর. আম্বেদকরের আদর্শ ছিল শিক্ষা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের প্রতিষ্ঠা। তাঁর সেই আদর্শকে সামনে রেখে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের এই উদ্যোগ সমাজে শিক্ষার প্রসার এবং পিছিয়ে পড়া অংশের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে বিশেষ তাৎপর্য বহন করছে।