নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এগিয়ে আসছে ত্রিপুরা উপজাতি এলাকা স্ব -শাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন। যতই এগিয়ে আসছে নির্বাচন ততই তৎপর হয়ে উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। পাহাড় চষতে শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। এবার শক্তপুক্ত ভাবে পাহাড়ের রাজনৈতিক ময়দানের মাটি কামড়ে ধরেছেন বিজেপি দলের নেতৃত্বরা। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার রামাভ্যালি বিধানসভা কেন্দ্রে এডিসির সাধারণ নির্বাচনের জন্য আসন রয়েছে দুইটি। ৮নং গঙ্গানগর -গন্ডাছড়া এবং অপরটি ২৪নং রাইমাভ্যালি কেন্দ্র। ৮নং গঙ্গানগর -গন্ডাছড়া আসনের পাহাড় অঞ্চল এলাকায় নেমেছেন ওই আসনের এমডিসি ভূমিকানন্দ রিয়াং। ভোটারদের সাড়াও পাচ্ছেন বেশ। প্রায় প্রতিটি জাতি -জনজাতি গ্রাম এবং পাড়ায় দুস্থদের মধ্যে শাড়ি, পাঁচড়া, সুতা এবং শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন এবং এখনো করছেন। অপরদিকে ২৪নং রাইমাভ্যালি এডিসি আসন নিয়ে চলছে জোড় তরজা। ২৪নং রাইমাভ্যালি এডিসি আসনের পাহাড় অঞ্চলে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি দলের একনিষ্ঠ এবং পোড় খাওয়া নেতৃত্ব ধলাই জেলা কমিটির সহ -সভাপতি বিকাশ চাকমা। দলীয় সূত্রে জানা গিয়েছে কয়েক মাস পূর্বে থেকেই বিজেপি নেতৃত্ব বিকাশ চাকমা উক্ত এডিসি আসনের পাহাড় অঞ্চলে বিভিন্ন পাড়া এবং গ্রামে গ্রামে ছোট ছোট ঘরোয়া সভা, পথসভা এবং উঠানসভা শুরু করেছিলেন। সেই থেকেই তিনি আর ময়দান ছাড়েননি। গত এক সপ্তাহ যাবৎ রাইমাভ্যালি এলাকার বিভিন্ন গ্রাম পাহাড়ে ঘুরে ঘুরে দুস্থদের মধ্যে শীত কম্বল বিতরণ শুরু করেছেন। রবিবার ২৪নং রাইমাভ্যালি এডিসি আসনের অন্তর্গত রামনগর এডিসি ভিলেজের নাক্কাছড়া সহ আরো বেশ কয়েকটি পাড়াবাসীদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন নেতৃত্ব বিকাশ চাকমা। সোমবার রাইমাভ্যালী মন্ডলের অন্তর্গত হাতিরমাথা বাজারে বিজেপির একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সহ -সভাপতি বিকাশ চাকমা, মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা এবং মন্ডলের যুব মোর্চার সম্পাদক লিটন দেবনাথ সহ অন্যান্যরা। তাছাড়াও উক্ত সভায় সংশ্লিষ্ট এলাকার হাতিরমাথা, রতননগর, ওয়ানাসাপাড়া, দেবিচরণ পাড়ার লোকজন দলবদ্ধ ভাবে উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসাবে বিকাশ চাকমা বলেন গত এডিসির সাধারণ নির্বাচনে আপনারা ভোট দিয়ে যে দলটার হাতে এডিসি শাসনের দায়িত্বভার তুলে দিয়েছিলেন এখন হিসাব করে দেখুন আমাদের এডিসি এলাকায় কতটা উন্নয়ন হয়েছে। যেটুকু উন্নয়নের ছোঁয়া দেখতে পারছেন সেটাও রাজ্য সরকারের দেওয়া। তাহলে আর ভুল করবেন না। আপনার স্বার্থে, আপনাদের পরিবারের স্বার্থে, আপনাদের গ্রামের স্বার্থে, রাস্তাঘাটের স্বার্থে বিজেপির পাশে দাঁড়ান। আসন্ন এডিসির সাধারণ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে বিজেপি দলকে ভোট দেওয়ার জন্য আবেদন রাখেন নেতৃত্ব বিকাশ চাকমা। উক্ত সভায় উপস্থিত লোকজনদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বিকাশ চাকমা সহ মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা এবং নেতৃত্ব লিটন দেবনাথ।