১৩ জন ভোটার আনুষ্ঠানিকভাবে শাসক দল বিজেপিতে যোগদান

Mar 02, 2026

১৩ জন ভোটার আনুষ্ঠানিকভাবে শাসক দল বিজেপিতে যোগদান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

উত্তর জেলার কদমতলা–কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঘন গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল রবিবার। বাঘন গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য শাহাবুদ্দিন-সহ মোট ১৩ জন ভোটার আনুষ্ঠানিকভাবে শাসক দল বিজেপিতে যোগদান করায় স্বাভাবিকভাবেই এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হল।

 

 

দীর্ঘদিন ধরে বাঘন গ্রাম পঞ্চায়েত বামফ্রন্টের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সরকার পালাবদলের পর এই পঞ্চায়েত চলে যায় কংগ্রেস-এর দখলে। যদিও বিগত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ফের বিজেপির দখলে আসে বাঘন গ্রাম পঞ্চায়েত। এবার সেই পঞ্চায়েতের বিরোধী দলের নির্বাচিত সদস্যদের একাংশকে দলে সামিল করিয়ে রাজনৈতিকভাবে আরও এক ধাপ এগোল শাসক শিবির।

 

 

রবিবার দুপুরে বাঘন গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য শাহাবুদ্দিনের বাসভবনে অনুষ্ঠিত হয় বিজেপির এক যোগদান সভা। সভায় শাহাবুদ্দিন-সহ তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন মিলিয়ে মোট ১৩ জন ভোটার বিজেপিতে যোগ দেন বলে দলীয় নেতৃত্বের দাবি। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান উপস্থিত নেতৃত্বরা।

 

 

এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কদমতলা–কুর্তি মণ্ডলের মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, প্রাক্তন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত দেব,বিজেপি নেতা আজমল হোসেন, শ্যামল দেব-সহ অন্যান্য দলীয় কর্মী ও সমর্থকরা।

 

 

সভায় বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ বলেন, “প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মযজ্ঞ দেখে অনুপ্রাণিত হয়েই বিরোধী দল কংগ্রেস ছেড়ে বহু মানুষ বিজেপিতে যোগদান করছেন।” তিনি আরও দাবি করেন, “আগামী দিনে বাঘন গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ বিরোধীশূন্য হবে।”

 

 

এই যোগদানকে কেন্দ্র করে বাঘন গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।