নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পর্দায় তিনি হাতুড়ি হাতে বিশ্ব কাঁপানো মহাবীর ‘থর’। কোটি কোটি ভক্ত তাকে এক পলক দেখার জন্য উন্মুখ হয়ে থাকে। কিন্তু খোদ নিজের ঘরেই ক্রিস হেমওয়ার্থের এই জৌলুসের কোনো মূল্য নেই!হলিউডের জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি জানিয়েছেন, অভিনেতার বিশ্বজোড়া খ্যাতি নিয়ে তার সন্তানদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই।বিনোদন সংবাদমাধ্যম ‘পিপল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস হেমওয়ার্থ মজার ছলে বলেন, তার তিন সন্তান যখন প্রথম জানতে পেরেছিল যে তাদের বাবা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘থর’, তখন তারা বেশ রোমাঞ্চিত ছিল। কিন্তু সেই উত্তেজনা খুব বেশিদিন টেকেনি।হেমওয়ার্থের ভাষায়, ‘ওরা প্রথমে ভেবেছিল এটা দারুণ ব্যাপার। কিন্তু যখন ওরা বুঝতে পারল যে আমি বাস্তবে উড়তে পারি না, তখন থেকেই আমার প্রতি ওদের আগ্রহ কমে গেছে।’ ক্রিস হেমসওয়ার্থ ও তার স্ত্রী অভিনেত্রী এলসা পাতাকির সংসারে তিন সন্তান রয়েছে—১৩ বছর বয়সী কন্যা ইন্ডিয়া রোজ এবং ১১ বছর বয়সী যমজ পুত্র সাশা ও ট্রিস্টান। সন্তানদের বর্তমান মানসিকতা নিয়ে অভিনেতা বলেন, ‘এখন তো ওদের অবস্থা এমন যে— ‘আহ বাবা, ছাড়ো তো এসব!’ আসলে ওরা এখন টিনএজার, ওদের কাছে আমি কেবলই ওদের বাবা, কোনো সুপারহিরো নই।’ ‘দ্য কেবিন ইন দ্য উডস’ এবং ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’খ্যাত এই অভিনেতার সাম্প্রতিক সিনেমা ‘ক্রাইম ১০১’ গত ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। বার্ট লেটন পরিচালিত এই সিনেমায় ক্রিস হেমওয়ার্থের পাশাপাশি মনিকা বারবারো, ব্যারি কিওগান এবং হ্যালি বেরির মতো তারকারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।