নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইরানের ওপর মার্কিন-ইসরাইল হামলার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ এবং একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছেন।রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ-কে দেওয়া বক্তব্যে মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপ জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। কোনো পরিস্থিতিতেই এই ধরনের আগ্রাসী যুদ্ধ গ্রহণযোগ্য হতে পারে না।বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ‘হেজেমনিক ও গ্যাংস্টারসুলভ’ আচরণের কারণে এ হামলায় তাদের সম্পৃক্ততা উত্তর কোরিয়ার কাছে অপ্রত্যাশিত ছিল না। ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই শক্তিপ্রদর্শন ও একতরফা পদক্ষেপের ওপর নির্ভরশীল বলেও অভিযোগ করা হয়।উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।