‘সব কৃতিত্ব বুমরাহর, এই পুরস্কার তার পাওয়া উচিত’

Mar 07, 2026

‘সব কৃতিত্ব বুমরাহর, এই পুরস্কার তার পাওয়া উচিত’

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরা হয়েছেন সাঞ্জু স্যামসন। তার ৪২ বলে ৮৯ রানের ঝলমলে ইনিসের সুবাদেই বড় সংগ্রহ পায় ভারত।টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরা হওয়ার পরও নিজে কৃতিত্ব না নিয়ে বরং সতীর্থ বোলার জাসপ্রিত বুমরাহকেই বেশি প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় এই ওপেনার।বৃহস্পতিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রান তোলে ভারত। বড় রান তাড়া করতে নেমে জয়ের খুব কাছাকাছি চলে আসে ইংল্যান্ড। তবে ডেথ ওভারে বুমরাহর নিয়ন্ত্রিত বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত ইংল্যান্ড থামে ২৪৬ রানে এবং ভারত ৭ রানের জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।ম্যাচ শেষে স্যামসন বলেন, ম্যাচসেরার পুরস্কার আসলে বুমরাহরই প্রাপ্য। বুমরাহ বিশ্বমানের একজন বোলার এবং আজকের ম্যাচেও সেটিই প্রমাণ করেছেন। বুমরাহর বোলিং না থাকলে ভারতের পক্ষে ম্যাচ জেতা কঠিন হয়ে যেত।ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে মাত্র ৭ রানে আউট করেন বুমরাহ। এরপর ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে, ১৬তম ও ১৮তম ওভারে বল করে মাত্র ১৪ রান খরচ করেন। ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটার জ্যাকব বেথেলকেও তিনি বেশ চাপে রাখেন।স্যামসন আরও বলেন, ডেথ ওভারে বোলারদের দারুণ পারফরম্যান্সই ভারতের জয়ের মূল কারণ। কঠিন পরিস্থিতিতেও তারা যেভাবে বল করেছে, তারাই আসল কৃতিত্বের দাবিদার।রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, নিজের দেশে বিশ্বকাপের ফাইনাল খেলা সত্যিই অসাধারণ অনুভূতি। তার মতে, এমন একটি দারুণ দলকে নেতৃত্ব দেওয়া এবং আহমেদাবাদে ফাইনাল খেলার সুযোগ পাওয়া সবার জন্যই এক বিশেষ মুহূর্ত।