কৈলাসহর প্রেস ক্লাব সহযোগী সদস্যের উপর রাতের আধারে আক্রমণ,উত্তপ্ত শহর।

Mar 05, 2026

কৈলাসহর প্রেস ক্লাব সহযোগী সদস্যের উপর রাতের আধারে আক্রমণ,উত্তপ্ত শহর।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ফের দুষ্কৃতীদের দাপটে কাঁপল শহর। গতকাল গভীর রাতে বাড়ি ফেরার পথে ঊনকোটি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের নিকটবর্তী স্থানে আক্রান্ত হলেন কৈলাসহর প্রেস ক্লাবের সহযোগী সদস্য নিলিমেশ পাল।

 

অভিযোগ,      একটি বোলেরো গাড়ি তার বাইককে ওভারটেক করে পথরোধ করে। গাড়ি থেকে নেমে একদল দুষ্কৃতী এলোপাথারিভাবে লাঠি দিয়ে তার উপর চড়াও হয়। মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান তিনি। লাঠির ঘায়ে মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তৎক্ষণাৎ তাকে প্রথমে আরজিএম মহকুমা হাসপাতাল এবং পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রাতভর চিকিৎসার পর আজ সকালে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আগরতলাতে রেফার করেন। তবে পারিবারিক সূত্রে খবর, তাকে উন্নত চিকিৎসার জন্য অসম রাজ্যে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

 

এদিকে আক্রান্ত নিলিমেশ পাল ইতিমধ্যে কৈলাসহর থানায় একট লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কৈলাসহর প্রেস ক্লাব। প্রশ্ন উঠছে—শহরে একের পর এক দুষ্কৃতী হামলার ঘটনা ঘটলেও কেন প্রশাসন নীরব? পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে।কে বা কারা এই হামলার পেছনে? উদ্দেশ্য কী? তা এখনো জানা যয়নি। তবে উক্ত ঘটনা নিয়ে শহর জুড়ে আতঙ্ক এবং নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।  এখন দেখার, পুলিশ প্রশাসন কত দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেয়।

বিভাগ

সর্বশেষ খবর