অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যে কৃষকদের স্বার্থে অনেক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির জন্য বিভিন্ন বাজার এলাকায় তৈরি করা হচ্ছে বাজার শেড। রাজ্যে কৃষিক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে, নির্মাণ করা হচ্ছে কৃষি শেডঘর। এধরনের পরিকাঠামোর উন্নয়নে রাজ্যজুড়ে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রতিবছর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল প্রকল্পে ৭৫ লক্ষ টাকা বরাদ্দ থাকে। সেই অনুযায়ী ফটিকরায় বিধানসভা এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে বিভিন্ন কমিউনিটি হল। এলাকার পানীয় জলের সুব্যবস্থার জন্য এই তহবিল থেকে সাহায্য করা হচ্ছে মানুষকে। মন্ত্রী বলেন এই এলাকার বিভিন্ন গান-বাজনার সঙ্গে যুক্ত শিল্পীগোষ্ঠীর মধ্যে গত বছর বিতরণ করা হয়েছিল বাদ্যযন্ত্র। এবছরও একইভাবে সংগীত শিল্পীদের মধ্যে তুলে দেওয়া হয়েছে বাদ্যসামগ্রী। ফটিকরায় এলাকার মানুষের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে যে টাকা বরাদ্দ হচ্ছে তা একশো শতাংশ মানুষের উন্নয়নে কাজে লাগছে বলে এদিন অনুষ্ঠানে জোড় গলায় দাবী করেন মন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে অতিথিদের হাত ধরে SMM প্রকল্পে এলাকার ৪৫ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ও বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে এলাকার মোট ২৩ জন সংগীতশিল্পী ও ব্যান্ড পার্টিদের হাতে তুলে দেওয়া হয় হারমোনিয়াম, কিবোর্ড, সহ ব্যাণ্ড পার্টির বিভিন্ন বাদ্য সামগ্রী। পাশাপাশি এলাকার কয়েকজন সফল কৃষকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে।
সরকারি উন্নয়ন প্রকল্পের এই সহায়তা মানুষের কাছে কতোটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং আগামী নির্বাচনে ফটিকরায় বিধানসভার ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।