চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা

Mar 14, 2026

চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  অভিষেকের পর থেকেই বিশ্ব ক্রিকেটে নিজের জাত চিনিয়ে আসছেন। গত ১০ বছরে ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) সবচেয়ে বড় আবিষ্কার তিনি। প্রতিপক্ষ দলের তাবড় তাবড় ব্যাটারও জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) সামনে বারবার নাকানিচোবানি খেয়েছেন। টেস্ট হোক, ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি ফর্ম্য়াট। দেশের জার্সিতে হোক বা আইপিএলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, বুমরা মানেই বল হাতে ম্য়াজিক। নিজের ঘরের মাঠে সম্প্রতি টি-টােয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। ফাইনালেও তাঁর ঝুলিতে এসেছে ৪টি উইকেট। সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদবরা বলেই দিচ্ছেন যে বুমরা 'ওয়ান্স ইন আ জেনারেশন' বোলার। দল যখনই বিপদে পড়েছে, তখনই ত্রাতা হয়ে দেখা দিয়েছেন বুমরা। এক সাক্ষাৎকারে বুমরা বলছেন, ''আমি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালবাসি। কঠিন সময়ে বোলিং করতে চাই। দলের পাশে দাঁড়াতে চাই। তার জন্য়ই আমি ক্রিকেট খেলি। যখন নিজের পারফরম্য়ান্স নিয়ে আমি তফাৎ গড়ে দিতে পারি, তা আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আমি আমার ক্রিকেট শুরু করেছিলাম গুজরাতে। আমদাবাদে প্রচুর ক্রিকেট খেলেছি। নিজের চেনা মাঠে বিশ্বজয়ের অনুভূতি একেবারেই আলাদা।''২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তে হেরে যেতে হয়েছিল। খেতাব হাতছাড়া হয়েছিল। কিন্তু সেই মাঠেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে সূর্যকুমারের দল। বুমরা বলছেন, ''সেবার আমরা অল্পের জন্য পারিনি। কিন্তু এবার পেরেছি। আমার ছেলেও এবার মাঠে ছিল। আমার মা ছিল। সবার সামনে বিশ্বচ্য়াম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা একেবারে আলাদা।''