নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বৃহস্পতিবার সুইডেনের উপসালায় পোল ভল্টে আরেকটি বিশ্বরেকর্ড গড়লেন আর্মান্ড দুপ্লান্তিস। ‘মন্দো ক্লাসিক’ নামের এ প্রতিযোগিতা তার নিজের নামেই আয়োজিত হয়। প্রথম চেষ্টায় ৬.৩১ মিটার ছাড়িয়ে তিনি ক্যারিয়ারের ১৫তম বিশ্বরেকর্ড গড়লেন।২৬ বছর বয়সি এ সুইডিশ অ্যাথলেট ২০২০ সাল থেকে এ রেকর্ড নিজের কাছেই রেখেছেন। সেবার ৬.১৭ মিটার ছাড়িয়ে প্রথমবার রেকর্ড গড়েছিলেন তিনি। এবার তিনি লাফালেন ৬.৩১ মিটার উচ্চতায়।এর আগে গত জুনে স্টকহোমে ৬.২৮ মিটার ছাড়িয়ে সুইডেনে রেকর্ড গড়েছিলেন। বৃহস্পতিবার সেটি আবারও ভাঙলেন নিজের দেশেই।দর্শকদের উদ্দেশে দুপ্লান্তিস বলেন, ‘এটা আমার ঘর। এটা আমাদের ঘর। এভাবেই এটা। আপনারা জানেন, মাঠে যতবার নামি, আপনাদের প্রতিনিধিত্ব করি। আর এটা করি গর্বের সঙ্গে। আপনাদের সামনে এটা করতে পেরে আমি এত গর্বিত। নিজের জন্য লাফ দিই, পরিবারের জন্য লাফ দিই, কিন্তু আপনাদের জন্যও লাফ দিই, সুইডেনের জন্য, আর যারা আমাকে সমর্থন করেন তাদের সবার জন্য।’ সুইডিশ সম্প্রচারকারী এসভিটিকে তিনি বলেন, ‘কেউ যদি সুইডেনে আমাকে চ্যালেঞ্জ করতে আসে, আমাকে হারানো তার জন্য আরও কঠিন হবে। আমি এখন খুব প্যাশনেট। অতিরিক্ত চাপ ছিল কারণ আমি ভিন্ন কিছু করতে চেয়েছিলাম। এখানে বিশ্বরেকর্ড ভাঙা সত্যিই অবিশ্বাস্য।’ দুপ্লান্তিস জানিয়েছেন, শক্ত পোলকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে তিনি রান-আপ লম্বা করেছেন। তিনি বলেন, ‘আমি নতুন কিছু চেষ্টা করলাম এবং নিজেকে চূড়ান্ত সীমার কাছাকাছি ঠেলে দিলাম। এটা সত্যিই দারুণ একটা অনুভূতি।’ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন নরওয়ের সোন্দ্রে গুত্তোর্মসেন, তার সেরা উচ্চতা ছিল ৬.০০ মিটার। গ্রিসের এমানুইল কারালিস এই বছর গ্রিক ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬.১৭ মিটার ছাড়িয়েছিলেন। দুপ্লান্তিস ছাড়া অন্য কোনো পোল ভল্টারের পক্ষে এটাই সর্বোচ্চ উচ্চতায় লাফানোর নজির। কিন্তু বৃহস্পতিবার ৬.০০ মিটারে তিনি তিনবার ব্যর্থ হন।মার্চের শেষে পোল্যান্ডের তোরুনে বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপে দুপ্লান্তিস আবার তার গ্রিক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। সেখানে আবারও রেকর্ডটা ভেঙে দেন কিনা, কে জানে!