নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ একইসঙ্গে মালদার পুলিশ সুপার এবং জেলা শাসককেও শোকজ করল সুপ্রিম কোর্ট। ঘটনায় শীর্ষ আদালতের কড়া পর্যবেক্ষণ, প্রয়োজনে ঘটনার তদন্ত সিবিআই কিংবা এনআইএ’কে দিয়ে করানো হবে। একই সঙ্গে প্রাথমিক রিপোর্টও চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত।অন্যদিকে, নির্বাচন কমিশনকে একহাত নিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য, বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা কমিশনের দায়িত্ব। এর জন্য যা যা পদক্ষেপ করা দরকার, তা কমিশনকে করতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে।ভোটার তালিকায় নাম না ওঠায় বুধবার সকাল থেকেই মালদার কালিয়াচক এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছিল। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের উপর। যার জেরে রাতদুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদার কালিয়াচক।অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারকও। গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে বিশাল পুলিশবাহিনী।এই ঘটনায় বৃহস্পতিবার সকালেই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছে।