বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা: দীর্ঘদিন ধরে জল নেই, জলের জন্য হাহাকার। কয়েক মাইল হেঁটে গিয়ে জল আনতে হয়। জল দফতরের পক্ষ থেকে গাড়ি দিয়ে জল সরবরাহ করা হলেও চাহিদা অনুযায়ী পূরণ হচ্ছে না, তার ওপর ঠিকমতো জলের গাড়িও আসে না — এমনই অভিযোগ তুলে বুধবার দুপুরে পথ অবরোধে নামলেন প্রমিলা বাহিনীরা।ঘটনাটি ঘটেছে বিলোনিয়া মহকুমার ভারত চন্দ্র নগর ব্লকের অন্তর্গত মাইছড়া উত্তর কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিলোনিয়া ভায়া শান্তির বাজার সড়কে ।অবরোধকারীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ব্লকের আধিকারিকদের বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা পথে নেমেছেন। তাঁদের দাবি — “জল চাই, জলের স্থায়ী সমাধান চাই। যতক্ষণ না সমাধান হচ্ছে, অবরোধ চলবে।”এই অবরোধের জেরে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঘটনাচক্রে ওই সময় ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক। তাঁর গাড়িও অবরোধে আটকে পড়ে। গাড়ি থেকে নেমে জেলা শাসক নিজে অবরোধকারী মহিলাদের সঙ্গে কথা বলেন, শোনেন তাঁদের সমস্যার কথা।
এরপরই তড়িঘড়ি জেলা শাসক খবর দেন জলসম্পদ দপ্তরে। কিছুক্ষণের মধ্যেই ছুটে আসেন ব্লক বিডিও, জলসম্পদ দপ্তরের আধিকারিক, পুলিশ ও টিএসআর বাহিনী। পরে আসেন ভারত চন্দ্র নগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও প্রধানও। পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে এলেও অবরোধকারীদের সামনে গিয়ে কথা বলার সাহস দেখাতে পারেননি। এলাকাবাসীর অভিযোগ, “জলের সমস্যা নিয়ে প্রধানকে বহুবার জানিয়েও তিনি কর্ণপাত করেননি।”
অবশেষে জেলা শাসকের উপস্থিতিতে জলসম্পদ দপ্তরের আধিকারিক আশ্বাস দেন — এপ্রিল মাসের মধ্যে জলের স্থায়ী সমস্যার সমাধান করা হবে এবং আপাতত প্রতিদিন জলের গাড়ি দিয়ে এলাকায় জল পৌঁছে দেওয়া হবে। এই আশ্বাস পাওয়ার পরই প্রমিলা বাহিনীরা অবরোধ তুলে নেন।