নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সাও পাওলোতে ক্যারিয়ার শুরু করা কাকা ফর্মের শিখর ছুঁয়েছিলেন এসি মিলানের জার্সিতে। পরে খেলেছেন রিয়াল মাদ্রিদ ও অরল্যান্ডো সিটিতে। ২০১৭ সালে ফুটবলকে বিদায় জানানো এই ব্রাজিলীয় গ্রেটের আন্তর্জাতিক ক্যারিয়ারও ঋদ্ধ। ২০০২ সালে মাত্র ২০ বছর বয়সে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা কাকার ঝুলিতে রয়েছে ব্যালন ডি’অর ট্রফিও। প্রায় দুই দশকের ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলে অনেক কিংবদন্তি ফুটবলারকে সতীর্থ হিসাবে পেয়েছেন সাবেক এই মিডফিল্ডার। রোনালদো, রিভালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পাওলো মালদিনি, আন্দ্রে পিরলোদের মধ্য থেকে সেরা হিসাবে একজনকে বেছে নেওয়া খুবই কঠিন। সাবেক সতীর্থদের বিভিন্ন গুণের সমন্বয় ঘটিয়ে তাই নিজের আদর্শ ফুটবলার বানিয়ে ফেললেন কাকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্বপ্নের ফুটবলারের রূপরেখা দিয়েছেন ৪৩ বছর বয়সি কাকা, যার সব দক্ষতাই তিনি নিয়েছেন সাবেক সতীর্থদের কাছ থেকে। কাকার আদর্শ ফুটবলারের শুটিং দক্ষতা হবে রবার্তো কার্লোসের মতো। পেশির জোর হবে জেনারো গাত্তুসোর মতো। হেডিং দক্ষতার জন্য বেছে নিয়েছেন আন্দ্রে শেভচেংকোকে। বিচক্ষণতায় কাকার পছন্দ রোনালদিনহো। সঙ্গে পিরলোর দূরদৃষ্টি ও রোনাল্ডোর মানসিকতা যোগ হলেও কাকার স্বপ্নের ফুটবলারকে নিখুঁত মানতে নারাজ ভক্তরা। তাদের মন্তব্য অনুযায়ী, নিখুঁত হতে দরকার জিনেদিন জিদানের মানসিকতা ও মালদিনির শক্তি।