নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান মাত্র ‘কয়েক ইঞ্চি’ দূরে ছিল বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, ইরান এই যুদ্ধের অবসান ঘটাতে সদিচ্ছা নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিল।আব্বাস আরাগচি আরও বলেন, ইসলামাবাদে যখন দুই পক্ষ একটি চুক্তি থেকে মাত্র ‘কয়েক ইঞ্চি’ দূরে ছিল, তখন তেহরান অপর পক্ষের চরম অবস্থান, লক্ষ্য পরিবর্তন ও অবরোধের মুখোমুখি হয়।‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার (১১ এপ্রিল) বিকাল থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত এ আলোচনা চলে। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’