খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে বিদ্যুৎহীন, অভিযোগ স্ট্রং রুম আধাঘন্টা ধরে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে

Apr 17, 2026

খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে বিদ্যুৎহীন, অভিযোগ স্ট্রং রুম আধাঘন্টা ধরে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ের। অভিযোগ, এরপর প্রায় আধা ঘণ্টা সময় ধরে সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে মহকুমা শাসকের কার্যালয় চত্বর।উল্লেখ্য, খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ের ভেতরেই রয়েছে দুই কেন্দ্রের ইভিএম স্ট্রং রুম। স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কার্যালয়ের বাইরে অবস্থান করছেন।কার্যালয়ের বাইরে থাকা রাজনৈতিক দলের প্রতিনিধিদের একাংশ অভিযোগ করেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর আধা ঘণ্টা সময় ধরে কোনো বিকল্প আলোর ব্যবস্থা ছিল না। তাঁদের দাবি, ওই সময় জেনারেটর চালু করা হয়নি বা অন্য কোনো ব্যবস্থাও চোখে পড়েনি। এতে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। রাজনৈতিক দলের কর্মী বলেন,স্ট্রং রুমের মতো স্পর্শকাতর জায়গা। আধা ঘণ্টা অন্ধকার থাকলে কী হবে? জেনারেটর থাকলে চালু হলো না কেন?এই অভিযোগের বিষয়ে খোয়াইয়ের মহকুমা শাসককে প্রশ্ন করা হলে তিনি জানান,কালবৈশাখী ঝড়ের কারণে আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে স্ট্রং রুমের নিরাপত্তায় কোনো খামতি ছিল না।