জুমলা রাজনীতির ফল পরিণাম। ২০২৮ আরো ভালো প্রত্যুত্তর পাবে বিজেপি ।এডিসিতে বিরাট জয়ের প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন তিপ্রা মথার সাধারণ সম্পাদক তথা প্রতিমন্ত্রী বৃষ কেতু দেববর্মা। কর্মী সমর্থকদের সংযত থাকার বার্তাও দেন তিনি।
এডিসি ভোটে বিরাট জয়ে বেজায় খুশি তিপ্রা মথা দলের অন্যতম সাধারণ সম্পাদক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বৃষ কেতু দেববর্মা। এদিন নির্বাচনী ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত তার ধারণা ছিল টিএমপি ২৮-এর মধ্যে ২৬ টি পাবে ।কিন্তু পেয়েছে ২৪ টি আসন। এতোটুকুর জন্য প্রত্যাশা পূরণ না হওয়ায় কিছুটা মর্মাহত মথার সাধারণ সম্পাদক ।এদিন ফলাফল শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা শাসক দল বিজেপির বিরুদ্ধে এক হাত নেন ।তিনি বলেন ,এরা জুমলা। জনগণের জন্য কিছু করেনি। বেকারদের কোন কথাই ভাবেনা এরা ।একটু উত্তেজিত সুর চড়িয়ে তিপ্রা মথা সাধারণ সম্পাদক বলেন ,এডিসি এলাকার সার্বিক উন্নয়নের জন্য বড় বড় সব প্রজেক্ট ফাইল চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে। এডিসি ভোটে এই বঞ্চনারই জবাব দিয়েছেন জনগণ। ২০২৮ সালে এই বঞ্চনার আরো ভালো জবাব দেওয়া হবে বলে জানান তিনি।
এদিন প্রতিক্রিয়ায় এই বিরাট জয়ে আপ্লুত হয়ে অন্যের ক্ষতি সাধন করা থেকে বিরত থাকতে কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি ।তিনি কড়া ভাষায় জানান ,দলের আদেশ না মানলে নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকদের শাস্তি পেতে হবে ।তিপ্রা মথা সাধারণ সম্পাদক আরো জানান ,আমাদের মূল লক্ষ্য জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া ।অধিকার খর্ব করা নয়।