নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সুখ ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, "অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র উৎসব আমাদের পুণ্যকর্ম, দান ও সেবার পথে চলতে অনুপ্রাণিত করে। এই উৎসব সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনুক। সকলে যেন পরমানন্দ লাভ করেন, এটাই একান্ত প্রার্থনা।"হিন্দুশাস্ত্রমতে অত্যন্ত শুভফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি হল অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুভ অক্ষয় তৃতীয়া হিসাবে পালিত হয়। বিশেষ এই দিনটির মাহাত্ম্য হল, যে শুভ কাজই শুরু করা হোক না কেন তা অক্ষয় হয়ে থাকে। জ্যোতিষীদের মতে এই বছরের অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী হতে চলেছে চলতি বছরের অক্ষয় তৃতীয়া।অক্ষয় তৃতীয়া দিনটি সমৃদ্ধি ও সৌভাগ্যের দিন হিসেবে গন্য হয়। এই দিনে বাংলা নববর্ষের মতোই হালখাতা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে।