নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কয়লা শিল্পক্ষেত্রকে পুনরুজ্জীবিত করতে ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষান রেড্ডি| রবিবার অন্ডাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা ও কয়লা শিল্পের অবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন।মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের হলেও কয়লা শিল্পক্ষেত্রকে বাঁচাতে কেন্দ্র ও রাজ্যের সমন্বিত ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন। তাঁর দাবি, এমন সরকার এলে “মাফিয়া রাজ” ও দুর্নীতি দূর হবে এবং উন্নয়নের গতি বাড়বে।তিনি আরও বলেন, গত ১০–১৫ বছরে কয়লা শিল্পক্ষেত্র অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। পর্যাপ্ত নিয়োগ হয়নি, ফলে বেকার যুবকদের কর্মসংস্থান ব্যাহত হয়েছে। ডবল ইঞ্জিন সরকার এলে কয়লা শিল্পক্ষেত্র নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করে ব্যাপক নিয়োগের সুযোগ তৈরি করা হবে বলে তিনি আশ্বাস দেন।কয়লা পাচার প্রসঙ্গেও রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, এই বিষয়ে রাজ্যের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তাঁর বক্তব্য, কয়লা শিল্পক্ষেত্রকে রক্ষা করতে হলে স্বচ্ছ ও শক্তিশালী প্রশাসন প্রয়োজন।