হারলেও দলের প্রতি পূর্ণ বিশ্বাস আছে মিকেল আর্তেতার

Apr 21, 2026

হারলেও দলের প্রতি পূর্ণ বিশ্বাস আছে মিকেল আর্তেতার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ম্যানচেস্টার সিটির মাঠে লড়াইটা সহজে ছেড়ে দেয়নি আর্সেনাল। প্রথমে গোল খাওয়ার পর দ্রুতই সমতায় ফেরে তারা। দ্বিতীয়ার্ধে আবার গোল হজম করার পর ম্যাচের শেষদিকে গোলপোস্টই হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় বাধা—নইলে ড্র নিয়েই ফিরতে পারত গানাররা, যা লিগের তাদের শীর্ষস্থান আরও মজবুত রাখত।ইতিহাদ স্টেডিয়ামে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় আর্সেনাল। তবুও পয়েন্ট টেবিলের শীর্ষে এখনো তারাই রয়েছে। তবে বুধবার বার্নলির বিপক্ষে ম্যানচেস্টার সিটি জিতলে শীর্ষস্থান হারাতে হবে গানারদের। এরপরও আশা ছাড়ছেন না কোচ মিকেল আর্তেতা; ইতিবাচক দিকগুলো ধরে সামনে এগোতে চান তিনি।ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে আর্সেনাল কোচ বললেন, ‘ইতিবাচক ব্যাপার হলো আমরা খেলার মানটা বুঝতে পেরেছি, আমরা সেটার সঙ্গে মানিয়ে নিতে পারি। শুধু তাই নয়, আরও ভালো করতে পারি।’শিরোপার দৌড় প্রসঙ্গে আর্তেতা জানান, এখনো পাঁচটি ম্যাচ বাকি এবং দল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তাদের আত্মবিশ্বাস আছে যে তারা সফল হতে পারবে। এই ম্যাচেই দল নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং এখনো অনেক কিছু তাদের নিয়ন্ত্রণে রয়েছে।দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমরা কাছাকাছি ছিলাম, তবে যথেষ্ট নয়। কিন্তু এখন আমাদের নতুন করে তৈরি হতে হবে। আজ আমরা একটি সুযোগ হারালাম, বড় সুযোগ। কিন্তু এখনো পাঁচ ম্যাচ বাকি। আজও অনেক ইতিবাচক দিক ছিল।’

বিভাগ