উত্তর জেলার ধর্মনগর মহকুমার পূর্ব রাধাপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রানকৃষ্ণ পালের স্ত্রী ও কন্যা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ দের মধ্যে রয়েছেন প্রানকৃষ্ণ পালের স্ত্রী মন্টি পাল (৪০) এবং তাঁদের ৭ বছরের মেয়ে রেশ্মি পাল। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার মন্টি পাল তাঁর ছোট মেয়েকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি থেকে আগরতলা বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। বাড়ি থেকে বেরিয়ে তারা ধর্মনগর রেল স্টেশন-এ পৌঁছান।সেখানেই শেষবার তাঁদের অবস্থান নিশ্চিত করা যায়।প্রানকৃষ্ণ পাল জানান, ওই দিনই আগরতলা থেকে তাঁর শ্যালিকা ফোন করে মন্টি পালের সঙ্গে কথা বলেন। তখন মন্টি পাল জানান যে তিনি ধর্মনগর স্টেশনে রয়েছেন।কিন্তু সেই ফোন কলের পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে মা ও মেয়ের আর কোনও খোঁজ মেলেনি।পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজাখুঁজি চালানো হলেও কোথাও তাঁদের সন্ধান পাওয়া যায়নি।পরিস্থিতির গুরুত্ব বুঝে অবশেষে প্রানকৃষ্ণ পাল ধর্মনগর থানা-র দ্বারস্থ হন এবং একটি নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করেন।এদিকে, ধর্মনগর রেল স্টেশনে গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করা হলেও, স্টেশনের ক্যামেরাগুলি দীর্ঘদিন ধরে অকেজো থাকায় তদন্তে বড়সড় বাধার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। ফলে নিখোঁজদের গতিবিধি সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।বর্তমানে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত মা ও মেয়ের কোনও সন্ধান মেলেনি, যা পরিবারকে চরম উদ্বেগে ফেলেছে।এই পরিস্থিতিতে অসহায় প্রানকৃষ্ণ পাল সংবাদ মাধ্যমের মাধ্যমে সকলের কাছে আবেদন জানিয়েছেন—কোনও সহৃদয় ব্যক্তি যদি মন্টি পাল বা রেশ্মি পালের সম্পর্কে কোনও তথ্য পান, তবে অনুগ্রহ করে ৯৮৬২৩ ০৩২৩৭ অথবা ৭৫৮৬৯ ৪৯৮০০ নম্বরে যোগাযোগ করার জন্য।স্থানীয় দের মতে, দ্রুত সিসিটিভি ব্যবস্থা সচল করা এবং রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।ঘটনাটি ঘিরে সমগ্র এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।