বন দপ্তরের অন্তর্গত শ্রমিকদের ছাঁটাইয়ের নোটিশ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে শ্রমিক মহলে। এই প্রেক্ষিতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরব হয়েছে ভারতীয় জনতা মজদুর সংঘ। সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবিকে সামনে রেখে টিএফডিপিসি কর্তৃপক্ষের কাছে একটি গণডেপুটেশন জমা দেওয়া হয়।ডেপুটেশন জমা দেওয়ার আগে অরণ্যভবনের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কর্মীরা। এই আন্দোলনের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি বাপন দত্ত। পরে তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল টিএফডিপিসির ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করে দাবিপত্র তুলে দেয়।
উল্লেখ্য, সম্প্রতি টিএফডিপিসি একটি নোটিশ জারি করে বিভিন্ন সেন্টার থেকে কিছু সংখ্যক শ্রমিককে বাদ দেওয়ার নির্দেশ দেয়। অথচ যাদের ছাঁটাইয়ের কথা বলা হয়েছে, তাদের অনেকেই ১০ থেকে ২০ বছর ধরে কর্মরত। কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন শ্রমিকরা। সংগঠনের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে— কারণ ছাড়া শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। যদি ছাঁটাই করতেই হয়, তাহলে সংশ্লিষ্ট শ্রমিকদের বাৎসরিক আয়ের ২৫ শতাংশ ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি নতুন নিয়োগের ক্ষেত্রে দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া এবং অযোগ্য ও প্রবীণ কর্মচারীদের পরিবর্তে শিক্ষিত যুবক-যুবতীদের সুযোগ দেওয়ার দাবিও জানানো হয়েছে। সংগঠনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা।