পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় সিপিআইএমের মিছিল

May 17, 2026

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় সিপিআইএমের মিছিল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

পেট্রোল ও ডিজেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজ্যের বিরোধী দল সিপিআইএম রাস্তায় নেমে প্রতিবাদ জানাল। শনিবার আগরতলায় দলের সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়, যেখানে সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপের বিরুদ্ধে সরব হন বামপন্থী কর্মী-সমর্থকরা। মিছিলটি শহরের মেলার মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে অবিলম্বে পেট্রোল ও ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনারও দাবি ওঠে।

 

সম্প্রতি কেন্দ্রীয় সরকার এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পর এবার পেট্রোল ও ডিজেলের দামও বৃদ্ধি করেছে। বর্তমানে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকার গণ্ডি পেরিয়েছে এবং ডিজেলের দামও বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর প্রভাব পড়ছে বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর, যা নিয়ে উদ্বেগ বাড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির মধ্যে। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন সিপিআইএমের সদর বিভাগীয় কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। তিনি অভিযোগ করেন, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর পরিকল্পিতভাবেই জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা চাপিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। নির্বাচনের আগে জনসাধারণকে স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, পরে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলেও তিনি দাবি করেন। সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলন আরও জোরদার করা হবে।