অলিম্পিকে পদক জিতলেই মিলবে ২ কোটি টাকা, ঘোষণা সরকারের

May 19, 2026

অলিম্পিকে পদক জিতলেই মিলবে ২ কোটি টাকা, ঘোষণা সরকারের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   অলিম্পিক গেমসে স্বর্ণ জিতলেই নগদ পুরস্কার হিসাবে বাংলাদেশের ক্রীড়াবিদরা পাবেন দুই কোটি টাকা। রুপাজয়ীরা পাবেন দেড় কোটি টাকা এবং ব্রোঞ্জ পদকজয়ীরা পাবেন এক কোটি টাকা করে। এ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।দেশের ক্রীড়াঙ্গনে সূচিত হয়েছে এক নতুন যুগের। প্রণোদনা ও ভাতা কাঠামো ঘোষণা করা হয়েছে জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিল নীতিমালা, ২০২৬ এর গেজেট প্রকাশের মাধ্যমে। ২৯ এপ্রিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া-১ শাখা থেকে জারি করা এ নীতিমালা রোববার বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। নীতিমালায় বলা হয়েছে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অসংখ্য আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি করেছে। তবে তাদের বড় একটি অংশ ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে চরম অর্থকষ্টে ভোগেন। এই বাস্তবতা থেকেই একটি টেকসই, প্রাতিষ্ঠানিক ও সুরক্ষাভিত্তিক ক্রীড়া কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।এশিয়ান গেমসে স্বর্ণ জিতলে এক কোটি, রুপা জিতলে ৫০ লাখ এবং ব্রোঞ্জ জিতলে মিলবে ৩০ লাখ টাকা। কমনওয়েলথ গেমসে এ পুরস্কারের হার যথাক্রমে ৫০ লাখ, ৩০ লাখ ও ২৫ লাখ টাকা। বিশ্বকাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ীরা পাবেন ৩০ লাখ, ২০ লাখ ও ১০ লাখ টাকা। পাশাপাশি দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণের জন্য পাঁচ লাখ, রুপার জন্য তিন লাখ এবং ব্রোঞ্জের জন্য দুই লাখ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো অর্জনের জন্য পৃথকভাবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত বিশেষ পুরস্কার এবং চিকিৎসা সহায়তা হিসাবে সর্বোচ্চ দুই লাখ টাকা আর্থিক সহায়তার বিধান রাখা হয়েছে নীতিমালায়।