খোয়াই জেলা হাসপাতাল চত্বরে উদ্বোধন হলো অত্যাধুনিক ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি  কেন্দ্র

May 29, 2026

খোয়াই জেলা হাসপাতাল চত্বরে উদ্বোধন হলো অত্যাধুনিক ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি কেন্দ্র

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক।   খোয়াই জেলা হাসপাতাল চত্বরে উদ্বোধন হলো অত্যাধুনিক ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, অর্থাৎ FI-ART কেন্দ্র।  ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির বিশেষ উদ্যোগে চালু হওয়া এই কেন্দ্রকে ঘিরে শনিবার খোয়াই জেলায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।এই গুরুত্বপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ডাঃ বিনীতা চাকমা এবং খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ শরদিন্দু রিয়াং সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা জানান, খোয়াই জেলায় এই FI-ART কেন্দ্র চালু হওয়ার ফলে এইচআইভি ও এইডস আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা আরও সহজ ও দ্রুততর হবে। এখন থেকে রোগীদের দূরবর্তী জেলায় ছুটতে হবে না, বরং নিজ জেলা হাসপাতালেই মিলবে নিয়মিত অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি সহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। স্বাস্থ্য আধিকারিকদের মতে, এই উদ্যোগ শুধু চিকিৎসা পরিষেবাকেই শক্তিশালী করবে না, পাশাপাশি রোগীদের মানসিক সাহস ও সামাজিক নিরাপত্তাও বাড়াবে। এই বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা রাজ্যের স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথাও তুলে ধরেন। তাদের দাবি, শহর থেকে প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবাকে পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।খোয়াই জেলায় FI-ART কেন্দ্রের সূচনাকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছেন সচেতন মহল।

বিভাগ