নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত কিছুদিন পূর্বে রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের গামাইবাড়ি এলাকার বাসিন্দা বৃদ্ধা সান্তনা বালা দাসের করুণ অবস্থার কাহিনী। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধা জীবনের শেষ প্রান্তে এসে একপ্রকার একাই দিন কাটাচ্ছিলেন। পাশে ছিল না কোনো স্বজন, এমনকি তাঁর জীবনযাপনের একমাত্র ভরসা বৃদ্ধ ভাতাটুকুও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলে জানা যায়।
সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়-এর। সোমবার তিনি নিজে ওই বৃদ্ধার বাড়িতে ছুটে যান এবং তাঁর সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন। এরপর নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন সহায়তা এবং নগদ অর্থ দিয়ে অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বিধায়িকা।
বিধায়িকা জানান, কোনো একটি কারণে সাময়িকভাবে বৃদ্ধার ভাতা বন্ধ রয়েছে। খুব শীঘ্রই যাতে পুনরায় ভাতা চালু করা যায়, সেই উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আগামী কিছুদিনের মধ্যেই ওই বৃদ্ধার বাড়িতে প্রয়োজনীয় বিদ্যুৎ পরিষেবা, ঘর এবং শৌচালয়ের ব্যবস্থা করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এদিন বিধায়িকার সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নং ওয়ার্ড তথা সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর নিতীন কুমার সাহা। তিনিও বৃদ্ধার সমস্যার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এদিন একই এলাকার আরও এক স্বামীহারা অসহায় বৃদ্ধার বাড়িতেও যান বিধায়িকা কল্যাণী সাহা রায়। তাঁরও খোঁজখবর নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।
বৃদ্ধাদের পাশে জনপ্রতিনিধির এই উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।