ডুকলিতে বেহাল রাস্তার প্রতিবাদে অটোচালকদের অবরোধ

Jun 22, 2026

ডুকলিতে বেহাল রাস্তার প্রতিবাদে অটোচালকদের অবরোধ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার ডুকলি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধে সামিল হন অটোচালকরা। তাদের অভিযোগ, ডুকলি রেল ব্রিজ থেকে বাইপাস মহেশখলা পর্যন্ত একাধিক স্থানে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। ফলে প্রতিদিন যাত্রী পরিবহনের সময় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চালকদের।

অটোচালকদের দাবি, খারাপ রাস্তার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যা যাত্রী ও চালক উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। এছাড়াও, এই সড়ক দিয়ে প্রতিদিন ২০০-রও বেশি ভারী যানবাহন চলাচল করায় রাস্তার ক্ষতি আরও বাড়ছে বলে অভিযোগ তাদের।

সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ শুরু করেন অটোচালকরা। আন্দোলনকারীরা জানান, পূর্ত দপ্তরের পক্ষ থেকে রাস্তা মেরামতের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।

অবরোধের ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অটোচালকরা।