নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শিক্ষার পরিকাঠামো উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশের লক্ষ্যে বুধবার পদ্মপুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন ও সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী।এদিন বিদ্যালয়ের নবনির্মিত অত্যাধুনিক অডিটোরিয়াম হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর অব এডুকেশন, নর্থ এএসডি-এর আধিকারিকবৃন্দ, বিদ্যালয়ের প্রিন্সিপাল,ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সন, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য, বিশিষ্ট অতিথি, শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্মিত এই অডিটোরিয়াম ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও ব্যক্তিত্ব গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।একই দিনে বিদ্যালয়ের নবনির্মিত পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান ল্যাবরেটরিরও শুভ উদ্বোধন করেন বিধায়ক। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই বিজ্ঞানাগারগুলির মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত মানের ব্যবহারিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি বিজ্ঞানমনস্কতা ও গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধিতেও এই ল্যাবরেটরিগুলি সহায়ক হবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। রাজ্য সরকারের শিক্ষাবান্ধব উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজতর হবে এবং পড়াশোনার প্রতি উৎসাহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হয়। অনুষ্ঠানের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং নবনির্মিত পরিকাঠামোগুলির যথাযথ ব্যবহারের মাধ্যমে বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।