সমবায় ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করে তোলার লক্ষ্যে কাজ করা হয়েছে : অমিত শাহ

Jul 07, 2026

সমবায় ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করে তোলার লক্ষ্যে কাজ করা হয়েছে : অমিত শাহ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  সংস্কার, ডিজিটাইজেশন ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন সম্প্রসারণের এক নতুন পর্যায়ে প্রবেশ করছে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। সোমবার সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় অমিত শাহ জানান, বিভিন্ন রাজ্যের গৃহীত আদর্শ উপবিধির মাধ্যমে কার্যকলাপের পরিধি বাড়িয়ে প্রাথমিক কৃষি ঋণ সমিতিগুলোকে শক্তিশালী করার প্রচেষ্টাও চলছে। তিনি কৃষকদের জৈব কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে এবং রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমাতে আহ্বান জানান।অমিত শাহ গত ৫ বছর ধরে 'সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি'-র মন্ত্র অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য সমবায় মন্ত্রকের প্রশংসা করেন। তিনি বলেন, সমবায় ক্ষেত্রে সঙ্গে যুক্ত ৩০ কোটি মানুষ এবং সারা দেশের ৮ লক্ষ ৫০ হাজারেরও বেশি সমবায় প্রতিষ্ঠানের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। তিনি উল্লেখ করেন, এই দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারে একটি স্বতন্ত্র সমবায় মন্ত্রক গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন।অমিত শাহ আরও বলেন, গত ৫ বছরে সমবায় ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তি-নির্ভর ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে প্রশংসনীয় কাজ করা হয়েছে। তিনি জানান, এই বছর সরকার সমবায় প্রতিষ্ঠানগুলোর জন্য একটি র্যাঙ্কিং কাঠামো চালু করেছে। এর মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শীর্ষ পাঁচটি সমবায় সমিতিকে চিহ্নিত ও র্যাঙ্কিং প্রদান করা হবে এবং তাদের অসাধারণ কাজকে তুলে ধরা হবে, যা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, বীজ উৎপাদনের ক্ষেত্রে প্রতিষ্ঠিত 'জাতীয় সমবায় কমিটি' আগামী তিন বছরে ভারতের বৃহত্তম বেসরকারি বীজ উৎপাদনকারী সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি যোগ করেন, এর মাধ্যমে তিনটি লক্ষ্যের ওপর কাজ করা হচ্ছে: কৃষকদের বিশুদ্ধ ও ভেজালমুক্ত বীজ সরবরাহ করা, অধিক ফলনশীল উন্নত জাতের বীজের উন্নয়ন ও বিতরণ এবং ভারতীয় ঐতিহ্যবাহী বীজের সংরক্ষণ। অমিত শাহ জানান, ত্রিভুবন কো-অপারেটিভ ইউনিভার্সিটি থেকে ব্যাংকিং ,  দুগ্ধ , বিপণন , কৃষি, সার এবং সমবায়ের অন্যান্য ক্ষেত্রে প্রশিক্ষিত পেশাদার কর্মী গড়ে তোলা হবে। মেধার ভিত্তিতে এই পেশাদারদের নিয়োগ করা হবে। সমবায় বলেন, প্রাথমিক সমবায় সমিতি থেকে শুরু করে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পর্যন্ত পর্যায়ক্রমে পেশাদার ব্যবস্থাপনা চালু করাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং নিয়োগ-সংক্রান্ত দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা গড়ে উঠবে।

বিভাগ

সর্বশেষ খবর