নিউস ত্রিপুরা প্রতিনিধিঃআমবাসা মহকুমার অন্তর্গত উপজাতি কল্যাণ দপ্তরের পরিচালনায় থাকা বিভিন্ন ছাত্রাবাসগুলি আকস্মিক পরিদর্শনে এলেন আমবাসা মহকুমা উপজাতি ছাত্রাবাসের চেয়ারম্যান বিদ্যুৎ দেববর্মা। আজ মঙ্গলবার মহকুমার প্রত্যেকটি সরকারি ও বেসরকারি ছাত্রাবাস ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।পরিদর্শনকালে চেয়ারম্যান ছাত্রাবাসগুলির রান্নার ঘর, পড়ুয়াদের থাকার ঘরসহ সামগ্রিক পরিবেশ খতিয়ে দেখেন। একই সাথে ছাত্রাবাসে থাকা ছাত্র-ছাত্রীদের সাথে সরাসরি কথা বলে তাদের সুযোগ-সুবিধা ও সমস্যার কথা শোনেন।পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ দেববর্মা জানান, উপজাতি কল্যাণ দপ্তরের পরিচালনায় ছাত্রাবাসগুলি বর্তমানে বেশ সুন্দরভাবেই চলছে। সরকারি আর্থিক সাহায্যে পরিচালিত মহকুমার সরকারি ও বেসরকারি প্রত্যেকটি ছাত্রাবাসের বর্তমান ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। তবে ছাত্রাবাসগুলির আরও কিছু আধুনিক ও উন্নত ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। আর এই পরিকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সাথে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন।চেয়ারম্যান আরও জানান, প্রত্যেকটি ছাত্রাবাসকে সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব ও সবুজায়ন করে গড়ে তোলা হবে।সরকার চাইছে ছাত্রাবাসে থেকে যারা পড়াশোনা করছে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং তাদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করতে।