নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশটিতে কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বের করে দেওয়া হবে।বুধবার (১৫ জুলাই) তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরাইলি জড়িত থাকার অভিযোগ তদন্ত করছে কর্তৃপক্ষ।ইংরেজি দৈনিক ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, আনোয়ার বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযোগটি তদন্ত করছে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।তিনি বলেন, আমরা যদি কোনো ইসরাইলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে তাকে বের করে দেওয়া হবে। কারণ আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিই না।মালয়েশিয়া ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ায় বিশেষ অনুমতি ছাড়া দেশটিতে ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশ সাধারণত নিষিদ্ধ।জোহরভিত্তিক স্টার্টআপ কমিউনিটি নেটওয়ার্ক স্কুল–সংক্রান্ত অভিযোগের পর জোহর রাজ্য সরকার ফেডারেল পর্যায়ে তদন্তের আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত শুরু করেছে।অন্যদিকে, বুধবার দেশটির অভিবাসন বিভাগ জানায়, ফরেস্ট সিটি আন্তর্জাতিক কমিউনিটিতে তল্লাশি চালিয়ে ২৬৬ জন বিদেশিকে পরীক্ষা করা হয়েছে। তাদের সবার কাছেই বৈধ অভিবাসনসংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে।