বিশ্বজুড়ে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের প্রভাব: গবেষণা

Jul 16, 2026

বিশ্বজুড়ে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের প্রভাব: গবেষণা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিশ্বের বিভিন্ন দেশে এখন যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বেশি—যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ২০০২ সাল থেকে বৈশ্বিক জনমত নিয়ে গবেষণা চালিয়ে আসা প্রতিষ্ঠানটির ইতিহাসে এবারই প্রথম এত বেশি দেশে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীনের জনপ্রিয়তা দেখা গেল।গবেষণার জন্য চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে ৩৬টি দেশের ৪২ হাজারের বেশি মানুষের মতামত নেওয়া হয়। অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, তারা চীন ও যুক্তরাষ্ট্র সম্পর্কে খুব ইতিবাচক, কিছুটা ইতিবাচক, কিছুটা নেতিবাচক নাকি খুব নেতিবাচক ধারণা পোষণ করেন।জরিপে দেখা গেছে, ৩৬টি দেশের মধ্যে ২৫টিতেই চীনের প্রতি ইতিবাচক মনোভাব পোষণকারীর সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি। স্পেন, ইতালি, গ্রিস, কানাডা ও ইন্দোনেশিয়ায় চীনের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে মাত্র ছয়টি দেশে—পোল্যান্ড, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান ও ইসরাইলে—এখনও যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন বেশি রয়েছে।পিউর গবেষক জোনাথন শুলম্যান বলেন, অতীতেও যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তায় পতন দেখা গেছে। তবে তখন চীনের জনপ্রিয়তা সাধারণত যুক্তরাষ্ট্রের সমান বা কিছুটা কম ছিল। এবারই প্রথম এত বড় ব্যবধানে চীনের পক্ষে জনমত গড়ে উঠেছে।জরিপে আরও দেখা গেছে, ইতালি, স্পেন, মেক্সিকো, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া ও তুরস্কে চীনের প্রতি ইতিবাচক মনোভাব রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গবেষকদের মতে, মধ্যম আয়ের দেশগুলোতে চীনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলনামূলক বেশি, আর উচ্চ আয়ের দেশগুলোতে নেতিবাচক মনোভাব বেশি দেখা যায়। তবে উচ্চ মাথাপিছু আয়ের দেশ হয়েও সিঙ্গাপুর এ ক্ষেত্রে ব্যতিক্রম।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রতি মতামতের সবচেয়ে বড় বৈপরীত্য দেখা গেছে। পাকিস্তানে প্রায় ৯০ শতাংশ মানুষ চীনের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন, বিপরীতে জাপানে এ হার মাত্র ১১ শতাংশ।বিশ্বনেতাদের প্রতি আস্থার প্রশ্নেও জরিপ চালানো হয়। অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হয়, বিশ্ব রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর কতটা আস্থা রাখেন। উভয় নেতার ক্ষেত্রেই আস্থার হার তুলনামূলক কম হলেও বেশিরভাগ দেশে শি জিনপিং ট্রাম্পের চেয়ে বেশি সমর্থন পেয়েছেন।

বিভাগ

সর্বশেষ খবর